বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত ও এনসিপিকে আওয়ামী লীগ ‘শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে’ বলে মন্তব্য করেছেন Md Rashed Khan।
তিনি বলেন, জামায়াতের অধিকাংশ এমপি কখনো রাজপথে ছিলেন না। তারা মূলত অন্তর্বর্তীকালীন সরকারের আশীর্বাদে এমপি হয়েছেন এবং ‘ওয়েলফেয়ার মেকানিজমের’ তত্ত্ব অনুসরণ করেছেন। এ কারণে রাজপথের বক্তব্যে তারা অভ্যস্ত নন। ফলে সংসদে কিংবা রাজপথে বিরোধীদলের নেতা হিসেবে বক্তব্য দিতে গিয়ে তারা প্রায়ই খেই হারিয়ে ফেলছেন।
জামায়াতের আমিরের সরকার নিয়ে বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এসব বক্তব্য নিয়ে মানুষ হাসি-তামাশা করছে। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনে সরকারি দল ও বিরোধীদলের মধ্যে যে সমন্বয় প্রয়োজন ছিল, জামায়াত তা ধারণ করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খান বলেন, ফ্যাসিবাদের সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে ভাষায় বক্তব্য দেওয়া হয়েছে, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধেও জামায়াত প্রায় একই ধরনের ভাষা ব্যবহার করছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলের বিরোধীদলীয় নেতাদের বক্তব্য অনুসরণ করতে গিয়ে জামায়াত নেতারা খেই হারিয়ে ফেলছেন। শক্তিশালী বিরোধীদল হিসেবে নিজেদের উপস্থাপন করতে গিয়ে ‘পালিয়ে যাবে’, ‘লুঙ্গি থাকবে না’, ‘হেলিকপ্টার রেডি করে রাখুন’ কিংবা ‘আরেকটি গণঅভ্যুত্থান হবে’—এ ধরনের বক্তব্য দিয়ে নিজেদের হাসির পাত্র না করার অনুরোধ জানান তিনি।
সবশেষে তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে জামায়াত ও এনসিপিকে আওয়ামী লীগ ‘শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে’।


