শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে গাইবান্ধায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। জেলার সাতটি উপজেলার ৬৩২টি পূজামণ্ডপের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে গাইবান্ধা জেলা শহরের কালীবাড়ি মন্দিরে এসআরবি-১৩ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহা. রেজাউল হক।
লিখিত বক্তব্যে তিনি জানান, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে জেলার সাতটি উপজেলার ৬৩২টি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় এসআরবি-১৩ ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
তিনি বলেন, পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে। এর মাধ্যমে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার সমন্বয় আরও কার্যকর করতে এসআরবি-১৩-এর নিজস্ব কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদ্যাপন কমিটি, জনপ্রতিনিধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তাসংক্রান্ত তথ্য আদান-প্রদান এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য এ সমন্বয় কার্যক্রম পরিচালিত হবে।
সংবাদ সম্মেলনে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক তথ্য ছড়ানোর বিষয়েও সতর্ক করা হয়। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে এসআরবি-১৩-এর সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা অনলাইনে নজরদারি করবে বলে জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনা নজরে এলে তা দ্রুত সংশ্লিষ্ট সদস্যদের জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


