পার্বত্য চট্টগ্রামে জনসাধারণের কল্যাণের নিমিত্তে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাঙামাটি সদর জোন কার্যালয়ের সামনে বাংলাদেশ সেনাবাহিনীর পার্বত্য চট্টগ্রামে জনসাধারণের কল্যাণে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ‘কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬’ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি এ সময় সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
এ সময় প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যৎ জীবনে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানানো হয়। এ প্রশিক্ষণে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মোট ২০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করে, যেখানে পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠী এবং বাঙালি তরুণ-তরুণীদের বিশেষভাবে সম্পৃক্ত করা হয়।
প্রশিক্ষণার্থীদের কম্পিউটারের মৌলিক ব্যবহার, প্রয়োজনীয় সফটওয়্যার পরিচালনা, ইন্টারনেট ব্যবহার, তথ্য অনুসন্ধান এবং দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তির কার্যকর প্রয়োগ বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি তাদের শিক্ষা, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পাহাড়ি ও বাঙালি তরুণদের যৌথভাবে প্রশিক্ষণে সম্পৃক্ত করার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষায় সম্পৃক্ত করার পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও আর্থ-সামাজিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় রাঙামাটি সদর জোনের উপ-অধিনায়ক মেজর মো. জুলফিকার রহমান, পিএসসি ও ক্যাপ্টেন সাদমান রাফিদ বিন আজমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
