পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক আরও গভীর ও সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুই সরকারপ্রধান দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। দায়িত্ব গ্রহণের পর এটিই তাদের মধ্যকার প্রথম বৈঠক।
বৈঠকে দুই দেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের বর্তমান ইতিবাচক গতিপ্রবাহ নিয়ে উভয় নেতা সন্তোষ প্রকাশ করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব লাভ করায় বাংলাদেশকে অভিনন্দন জানান শেহবাজ শরীফ। একই সঙ্গে জাতিসংঘের উদ্দেশ্য ও লক্ষ্য এগিয়ে নিতে বাংলাদেশের পদক্ষেপে পাকিস্তানের সমর্থনের কথা জানান তিনি।
শেহবাজ শরীফ বাংলাদেশ-পাকিস্তানের পারস্পরিক লাভজনক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে পাকিস্তানের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও উন্নত ও এগিয়ে নিতে তাঁর সরকারের আগ্রহের কথা তুলে ধরেন।
বৈঠকে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক যোগাযোগ, শিক্ষা, পর্যটন এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ জোরদারে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়েও মতবিনিময় করেন তারা।
জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ধারাবাহিক সমন্বয় বজায় রাখার ওপরও দুই নেতা গুরুত্বারোপ করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতার সম্ভাব্য বিভিন্ন খাত নিয়েও বৈঠকে আলোচনা হয়।
পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর উভয় সরকারপ্রধান গুরুত্বারোপ করেন।
