গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ কেজি শুকনা গাঁজাসহ মোঃ হামিদুল হক (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে গাইবান্ধা সদর পৌরসভার পুরাতন জেলখানা মোড় এলাকায় মোঃ বকুলের পানের দোকানের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট ডিউটি চলাকালে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন লাল-কালো রঙের পালসার এনএস ১২৫ সিসি মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়।
আটক হামিদুল হক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পশ্চিম ফুলমতি এলাকার মোঃ বেলাল হোসেনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হামিদুল হক স্বীকার করেছেন, তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার চওয়াবাড়ী এলাকার মোঃ নয়ন মিয়া (২৬) নামে এক ব্যক্তির কাছ থেকে কম দামে গাঁজাগুলো কিনেছিলেন। পরে অধিক লাভের আশায় সেগুলো বিক্রির উদ্দেশ্যে পলাতক এক সহযোগীর সহায়তায় ধাপেরহাটে যাচ্ছিলেন বলে জানান তিনি।
গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক), ৩৮ ও ৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
