আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, এই স্বাধীন বাংলাদেশে কোনো আয়নাঘর থাকবে না। প্রতিটি গুমের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের—তারা যত বড় ক্ষমতাশালী হোক না কেন—বিচারের মুখোমুখি করা হবে। সর্বোচ্চ শাস্তি পেতেই হবে।
তিনি একইসঙ্গে ফ্যাসিবাদী আমলে গুমের বিরুদ্ধে সাহসী ও সোচ্চার ভূমিকা রাখার জন্য ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির কথা স্মরণ করেন।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন সময়ে গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের দীর্ঘদিনের বেদনা, অপেক্ষা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
