ঢাকাFriday , 21 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ

নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামাতা ফাহামের বার্তা

Link Copied!

বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন তার জামাতা লেখক ও গবেষক ফাহাম আবদুস সালাম। একই সঙ্গে মির্জা ফখরুলকে তিনি ‘দায়িত্বশীল বড় ছেলে’ হিসেবে উল্লেখ করেছেন।

Advertisement

শুক্রবার (২১ আগস্ট) ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে মির্জা ফখরুলকে নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা ও মূল্যায়নের কথা তুলে ধরেন ফাহাম।

পোস্টে ফাহাম জানান, তিনি প্রায় ২২ বছর ধরে মির্জা ফখরুলকে চেনেন। তার ভাষ্য অনুযায়ী, জীবনে মির্জা ফখরুলের মতো দায়িত্বশীল মানুষ তিনি খুব কমই দেখেছেন। দায়িত্বশীলতার উদাহরণ দিতে গিয়ে তিনি বড় ভাইয়ের ভূমিকার সঙ্গে মির্জা ফখরুলের চরিত্রের তুলনা করেন।

Advertisement

ফাহামের মতে, পরিবারের বড় ছেলের মতো মির্জা ফখরুল সবসময় দায়িত্বকে গুরুত্ব দেন। অন্যদের জন্য নিজের প্রয়োজন ও স্বার্থকে পেছনে রাখার মানসিকতা তার মধ্যে রয়েছে। কাজের মাধ্যমে নিজেকে যুক্ত রাখার প্রবণতাও তার অন্যতম বৈশিষ্ট্য বলে উল্লেখ করেন তিনি।

পোস্টে ফাহাম আরও বলেন, যেকোনো পরিস্থিতিতে নিজেকে কাজে লাগাতে চান মির্জা ফখরুল। এমনকি ক্যানবেরায় ছুটি কাটানোর সময়ও তাকে ঘরের কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে বলে জানান তিনি। তার সাফল্যের পেছনে দায়িত্ববোধের পাশাপাশি ভদ্র ও মার্জিত আচরণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন ফাহাম।

Advertisement

৫ আগস্টের পর সিঙ্গাপুরে মির্জা ফখরুলের সঙ্গে ব্যক্তিগত আলাপের একটি স্মৃতিও পোস্টে তুলে ধরেন তিনি। ফাহামের দাবি, ওই সময় মির্জা ফখরুল তাকে বলেছিলেন, জীবনের একটি বড় দায়িত্ব তিনি সম্পন্ন করেছেন এবং এরপর দেশের গণতান্ত্রিক উত্তরণের বিষয়ে তিনি সন্তুষ্ট।

খালেদা জিয়াকে মুক্ত করতে না পারার বিষয়টিকে মির্জা ফখরুল নিজের ব্যর্থতা হিসেবে দেখেছেন বলেও ফাহাম তার পোস্টে উল্লেখ করেন। তার ভাষায়, তাদের পরিবারের কাছে খালেদা জিয়ার অবস্থান শুধুমাত্র একজন রাজনৈতিক নেতার মতো নয়। মির্জা ফখরুল নিজের ভালো-মন্দ বিবেচনার আগে দলের নেতার প্রতি দায়িত্ব ও আনুগত্যকে গুরুত্ব দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির তরুণ নেতাকর্মীদের অনেকে মির্জা ফখরুলকে ‘বাংলাদেশের মহাসচিব’ বলে অভিহিত করেন উল্লেখ করে ফাহাম বলেন, এর পেছনে যুক্তি রয়েছে। তার মতে, মির্জা ফখরুল বিএনপির রাজনৈতিক স্বার্থের পাশাপাশি বাংলাদেশের বৃহত্তর স্বার্থকে গুরুত্ব দিয়ে দেখেন। তার সব বক্তব্য সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, তবে তিনি নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করার চেষ্টা করেন।

বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র চর্চা নিয়ে ফাহাম বলেন, বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে কোনো নেতার পক্ষেই শতভাগ গণতান্ত্রিক চর্চা করা সহজ নয়। তবে মির্জা ফখরুল দীর্ঘদিন ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন এবং সুযোগ পেলে তিনি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করেন তিনি।

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়াকে নিজের জন্য আনন্দ ও হতাশা—দুই অনুভূতির বিষয় হিসেবেও তুলে ধরেন ফাহাম। তার মতে, রাষ্ট্রপতি পদে এমন একজন ব্যক্তির প্রয়োজন, যাকে দেশের মানুষ অভিভাবক হিসেবে গ্রহণ করতে পারেন। সেই বিবেচনায় মির্জা ফখরুলকে সঠিক ব্যক্তি হিসেবেই মনে করেন তিনি।

তবে একই সঙ্গে বিএনপিতে মির্জা ফখরুলের মতো একজন নেতার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন ফাহাম। দলের স্বার্থের আগে দেশ ও দলের বৃহত্তর স্বার্থকে বিবেচনা করতে পারেন—এমন ব্যক্তির বিকল্প খুঁজে পাওয়া কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

ফাহাম আরও দাবি করেন, মির্জা ফখরুলকে আওয়ামী লীগের সমর্থকদের মধ্য থেকেও অভিনন্দন জানানো হয়েছে। তার মতে, জীবদ্দশায় অন্য কোনো বড় রাজনৈতিক নেতা এ ধরনের দল-মতনিরপেক্ষ বা ‘বাইপার্টিজান’ সমর্থন পেয়েছেন কি না, তা তার মনে পড়ে না।

মির্জা ফখরুলকে ‘মারদাঙ্গা রাজনীতিবিদ’ নন উল্লেখ করে ফাহাম আরও বলেন, বিএনপিতে তাকে ঘিরে কোনো নিজস্ব গ্রুপিংও নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।