চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টিয়াপাখি শিকারের অভিযোগে মিনার আলী (২০) নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আর পাখি শিকার করবেন না—এ মর্মে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের একটি ভুট্টাক্ষেতে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় টিয়াপাখিসহ মিনার আলীকে আটক করা হয়। তিনি দুলভপুর ইউনিয়নের ১৫ রশিয়া গ্রামের মো. হাবিল আলীর ছেলে।
পরে উদ্ধার করা টিয়াপাখিগুলো উপজেলা পরিষদ চত্বরে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার, ধরা এবং ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বন্যপ্রাণী সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, পাখি শিকার বন্ধে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনের অভিযানও নিয়মিতভাবে চলবে।
