পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় ও লংগদু সেনা মৈত্রী বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩ হাজার ৫০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ করেন লংগদু জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ।
এ সময় তিনি বলেন, একটি ছোট চারা ভবিষ্যতে পরিণত বৃক্ষে রূপ নেয়, যা শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ রোপণ এবং তার নিয়মিত পরিচর্যা করা প্রয়োজন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজেদের বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় প্রাপ্ত চারাগুলো রোপণ এবং নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করেন।
লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
