ঢাকা: জুলাই আন্দোলনে বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তার দাবি, আন্দোলনের শুরুতে বিএনপির শীর্ষ নেতারা সরাসরি সম্পৃক্ত ছিলেন না; বরং পরে আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছিলেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, সংসদে বক্তব্য দেওয়ার জন্য নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয় এবং সে কারণেই তিনি বিষয়টি সংসদে তুলে ধরেছিলেন।

তিনি বলেন, বর্তমান সংসদে থাকা অনেকের জুলাই আন্দোলনের সময়কার সক্রিয় ভূমিকার কথা সাধারণ মানুষ মনে করতে পারবেন না। তবে আন্দোলনের সময় নিজের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা এখনো মানুষের স্মৃতিতে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তার ভাষ্য, আন্দোলনের সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারও করেছিলেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিএনপির নেতারা শুরুতে আন্দোলন থেকে নিজেদের দূরে রেখেছিলেন এবং পরে কেবল নৈতিক সমর্থনের অবস্থান নিয়েছিলেন। অথচ বর্তমানে আন্দোলনের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতা দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি তাদের ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করতে পেরেছে কি না—এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, এ বিষয়ে মন্তব্য করার দায়িত্ব বিএনপির নেতাদেরই। তিনি বলেন, নিজের অভিজ্ঞতার কথা বলতে পারেন, তবে অন্যদের মূল্যায়ন করা তার পক্ষে সম্ভব নয়।
