ঢাকাMonday , 28 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির সঙ্গে ইইউভুক্ত সাত দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধানের সাক্ষাৎ

Link Copied!

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সদস্যভুক্ত সাত দেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশে ইইউ প্রতিনিধিদলের প্রধান। সোমবার সকালে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Advertisement

সাক্ষাৎকালে রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে অভিনন্দন জানান। জবাবে অভিনন্দনের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্য দেশগুলোর সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, সময়ের সঙ্গে এ অংশীদারত্ব এখন বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক উত্তরণে ইইউ এবং এর সদস্য দেশগুলোর সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

Advertisement

রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার সুযোগ তৈরি হয়েছে। দেশে বিদ্যমান গণতান্ত্রিক পরিবেশের কথা তুলে ধরে তিনি বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ আরও বাড়ানোর জন্য ইইউভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান।

অভিবাসন বিষয়ে রাষ্ট্রপতি অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে দক্ষ বাংলাদেশি জনশক্তির জন্য বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণ এবং আরও ইইউ সদস্য রাষ্ট্রকে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

Advertisement

সাক্ষাৎকালে ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা বাংলাদেশ সরকারের সঙ্গে পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও অংশীদারত্ব আরও জোরদারে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বাণিজ্য, সুশাসন, জলবায়ু কার্যক্রম ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ ও ইইউভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্বও তুলে ধরেন রাষ্ট্রদূতরা। একই সঙ্গে বাংলাদেশের সাংবিধানিক, বিচার বিভাগীয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রমে ইইউর সহযোগিতা ও সম্পৃক্ততা অব্যাহত রাখার কথা জানান তাঁরা।

এ বিষয়ে সরকারের প্রতিশ্রুতির কথা তুলে ধরে রাষ্ট্রপতি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ইইউর চলমান মানবিক সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে ইইউকে আরও জোরালো ভূমিকা রাখার অনুরোধ করেন তিনি।

রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রদূতরা তাঁদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন।

এ সময় আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, নবায়নযোগ্য জ্বালানি, সবুজ রূপান্তর, অভিবাসন ব্যবস্থাপনা, শিক্ষা, সামুদ্রিক বিষয়, প্রযুক্তি হস্তান্তরসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার, বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক আইন এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা সমুন্নত রাখার বিষয়ে উভয় পক্ষ নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পাশাপাশি বহুপাক্ষিক ফোরামগুলোতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও একমত হয় বাংলাদেশ ও ইইউ।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করার বিষয়ে ইইউর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইইউ প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত মাইকেল মিলার, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে, জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লৎস, ইটালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিছ ভান বোসেল, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিসতিয়াগা ওচহোয়া ডি চিনচিত্রু এবং সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স উপস্থিত ছিলেন।

এছাড়া, সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar