ঢাকাMonday , 7 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফিরবেন শেখ হাসিনা, অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্ব শেখ সেলিমের

Link Copied!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন শেখ ফজলুল করিম সেলিম। ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য হিসেবে শেখ সেলিমই তার অনুপস্থিতিতে সভাপতির দায়িত্ব পালন করবেন।

Advertisement

দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নিজের দেশে ফেরার পরিকল্পনা, নিরাপত্তা, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কথা বলেন শেখ হাসিনা।

সাক্ষাৎকারে তিনি আবারও আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছার কথা জানান। তবে দেশে ফেরার পর বিমানবন্দরেই তার ওপর হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে নিজের প্রত্যাবর্তনের কারণে অন্য কারও জীবন ঝুঁকিতে পড়ুক, সেটিও চান না বলে জানান।

Advertisement

শেখ হাসিনার দাবি, বাংলাদেশে জঙ্গিবাদী ও মৌলবাদী শক্তির উত্থান ঘটছে। এর প্রভাব বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ভারতের ওপরও পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, বাংলাদেশের অস্থিতিশীলতা ও জঙ্গিবাদী শক্তির বিস্তার ভারতের নিরাপত্তা এবং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য উদ্বেগের কারণ হতে পারে।

বাংলাদেশের নির্বাচনকে ভারতের সমর্থন এবং তারেক রহমানের দেশে ফেরার বিষয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। এ বিষয়ে ভারত সরকারের সিদ্ধান্তের কারণ তারাই ভালো ব্যাখ্যা করতে পারবে বলে মন্তব্য করেন তিনি।

Advertisement

দুই প্রতিবেশী দেশের ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে শেখ হাসিনা আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা বলেন। তার মতে, সামরিক জোটের পরিবর্তে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন।

তারেক রহমানকে নিয়ে সমালোচনা

সাক্ষাৎকারে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনাও করেন শেখ হাসিনা। বিদেশে অবস্থান করেও তারেক রহমান রাজনীতি করেছেন—এমন মন্তব্য করে তিনি প্রশ্ন তোলেন, তিনি দিল্লি থেকে কথা বললে সেটিকে কেন অপরাধ হিসেবে দেখা হবে।

তারেক রহমানের ভারত সফর নিয়ে দর-কষাকষি করা বাংলাদেশের জন্য মর্যাদাহানিকর বলেও মন্তব্য করেন তিনি।

‘দেশটা আমার’

দেশে ফেরার জন্য ট্রাভেল ডকুমেন্ট বা সরকারের অনুমতির প্রয়োজন হবে কি না—এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ তার নিজের দেশ। তার দাবি, তার বাবা শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন এবং তিনি শৈশব থেকেই বাংলাদেশে বেড়ে উঠেছেন। স্কুলজীবন থেকেই রাজনীতিতে যুক্ত থাকার কথাও উল্লেখ করেন তিনি।

দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, বিএনপি সরকার যদি ভারত সরকারের কাছে তাকে ফেরত দেওয়ার দাবি জানায়, তাহলে নিজেই দেশে ফিরবেন। অনুমতির প্রয়োজন কেন হবে—এমন প্রশ্নও তোলেন তিনি।

তবে দেশে ফেরার অনুমতি না পেলে কীভাবে ফিরবেন, সে বিষয়ে জানতে চাইলে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান শেখ হাসিনা।

‘মানুষের পাশে দাঁড়াতে চাই’

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা। দেশের অবস্থা তাকে কষ্ট দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশ ধ্বংস হতে দেখলে তার হৃদয়ে রক্তক্ষরণ হয়।

তিনি বলেন, দেশের মানুষ বর্তমানে কষ্টের মধ্যে রয়েছে। তাই তাদের কাছে ফিরে গিয়ে পাশে দাঁড়াতে চান। প্রয়োজনে নিজের জীবন ঝুঁকিতে পড়লেও মানুষের পাশে থাকার ইচ্ছার কথা জানান তিনি।

যেভাবে ভারত চলে আসেন

২০২৪ সালের ৫ আগস্ট গণভবন থেকে ভারতে যাওয়ার প্রসঙ্গেও কথা বলেন শেখ হাসিনা। তার দাবি, তিনি দেশ ছাড়তে চাননি এবং প্রথমে জানতেন না যে তাকে ভারত নিয়ে যাওয়া হচ্ছে।

শেখ হাসিনার ভাষ্য অনুযায়ী, হেলিকপ্টারে করে সীমান্ত পার হওয়ার সময় তাকে জানানো হয় যে তারা ভারতে যাচ্ছেন। এর আগে তিনি ধারণা করেছিলেন, তাকে টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি বিমানে ওঠার পরও তিনি ভারতে যাওয়ার বিষয়টি জানতে পারেন বলে জানান।

তিনি আরও বলেন, মানুষের লাশের বিনিময়ে ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন তিনি মনে করেননি। তাই পরিস্থিতিতে তার সরে যাওয়ার সিদ্ধান্ত হয়।

আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও সহিংসতার অভিযোগ

সাক্ষাৎকারে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিপুলসংখ্যক মামলা এবং দেশে সহিংসতার অভিযোগও তোলেন শেখ হাসিনা। তার দাবি, দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ছয় লাখ মামলা করা হয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন থানা লুট ও অগ্নিসংযোগ এবং আওয়ামী লীগ, যুবলীগ ও পুলিশের সদস্যদের ওপর হামলার অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তার সরকারের সময়ে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলার বিষয়ও তুলে ধরেন।

ডিসেম্বরেই দেশে ফেরার প্রস্তুতি

আগামী ডিসেম্বরের আগেই দেশে ফেরার পরিস্থিতি তৈরি হলে কী করবেন—এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, তিনি ডিসেম্বরকেই ফেরার জন্য বেছে নিয়েছেন। কারণ, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস।

তিনি জানান, দেশের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তাদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির অভিযোগের কথাও উল্লেখ করেন তিনি।

সবকিছু বিবেচনায় নিয়ে ডিসেম্বরেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন বলে সাক্ষাৎকারে জানান শেখ হাসিনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।