দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। একই সময়ে নতুন করে ৭৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই খুলনা বিভাগের বাসিন্দা। এ সময় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এই বিভাগে নতুন করে ৩৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ১২৩ জন, বরিশালে ১০৭ জন, চট্টগ্রামে ৮৯ জন, ময়মনসিংহে ২৭ জন এবং রংপুর বিভাগে ১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে মোট ৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই মারা গেছেন ৩০ জন।
মৃতদের মধ্যে খুলনা বিভাগে ১৫ জন, বরিশাল বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন এবং চট্টগ্রাম বিভাগে ৫ জন রয়েছেন। এছাড়া রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে একজন করে মোট তিনজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
এদিকে নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
