গাইবান্ধায় চুরি যাওয়া অটোরিকশা উদ্ধারসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর মৌজার তুলসীঘাট সার গোডাউনের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. রাকিব হাসান (৩০), মো. মেহেদী শেখ (২৫), মো. সুলতান ইসলাম (২৬), মো. সামিউল ইসলাম (২২), মো. মারুফুর রহমান মারুফ (৩৩) ও মো. আব্দুল হামিদ বাবু (৩৪)।
পুলিশের নথি সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর রাতের দিকে অটোরিকশাচালক মোশারফ হোসেন অটোরিকশা নিয়ে তুলসীঘাট বাজারে যান। সেখানে গোলাপ মিয়ার ডে-নাইট কনফেকশনারি দোকানের সামনে অটোরিকশাটি রেখে পাশের চায়ের দোকানে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি অটোরিকশাটি দেখতে পাননি। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও অটোরিকশাটির সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেন।
অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে তুলসীঘাট সার গোডাউনের পশ্চিম পাশে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় চুরি যাওয়া অটোরিকশাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অটোরিকশা চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।


