পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয় চলাকালে অজানা রোগে অসুস্থ হয়ে পড়েছে অন্তত ৫০ জন শিক্ষার্থী। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। দুপুর সাড়ে ৩টার দিকে এসব শিক্ষার্থীর মধ্যে গুরুতর অসুস্থ ২০ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ে বসে প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে আয়া মোর্শেদা (৪০) বেগমও অসুস্থ হয়ে পড়েছেন।
আহত শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, শ্রেণিকক্ষে পাঠদান চলাকালীন প্রথমে সানজিদা নামের এক শিক্ষার্থীর হাত-পা ঝিঁঝি, পেটব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। পরে একের পর এক একইভাবে অসুস্থ হয়ে পড়ে অন্তত ৫০ জন শিক্ষার্থী। আহতদের মধ্যে বেশির ভাগই মেয়ে শিক্ষার্থী।
এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইরফান মিয়া বলেন, একের পর এক অন্তত ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার পর আমরা তাদের কলাপাড়া হাসপাতালে নিয়ে আসি। অনেক শিক্ষার্থীকে আমতলী হাসপাতালে পাঠানো হয়েছে।
কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ফারুক মিয়া বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তারা সবাই মাস সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন রোগে আক্রান্ত হয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত।


