সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর শুক্রাবাদ এলাকার মিরপুর সড়কে এ ঘটনা ঘটে। চলন্ত গাড়ির জানালা খোলা থাকার সুযোগে এক যুবক তাঁর হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন তিনি।
বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন আসিফ নজরুল। পোস্টে তিনি লেখেন, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকের ঘটনা।’
ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও বলেন, এ ঘটনার পর কেউ তাঁর ফোন নম্বর থেকে কিংবা অন্য কোনো মাধ্যমে মেসেজ পাঠিয়ে টাকা চাইলে, হুমকি দিলে বা সন্দেহজনক কিছু লিখলে তা এড়িয়ে যেতে হবে।
ঘটনার বর্ণনায় আসিফ নজরুল জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ধানমন্ডি ২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। রাস্তায় প্রচণ্ড যানজট ও গরমের কারণে গাড়ির জানালার কাচ খোলা রেখেছিলেন। এ সময় গাড়িতে বসে মোবাইল ফোনে মেসেজ দেখছিলেন তিনি। পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে নীল রঙের টি-শার্ট পরা এক যুবক তাঁর হাত থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ওই যুবককে ধরার চেষ্টা করলেও সে দৌড়ে পালিয়ে যায়। নিজের অসতর্কতাকেই এ ঘটনার জন্য দায়ী করেন তিনি। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছেন। পুলিশ ফোনটি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা যুগান্তরকে বলেন, বিষয়টি তিনিও শুনেছেন। তবে এখনো তাঁদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আসেনি।


