আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শহিদুল আলম লিটন গণসংযোগ, পথসভা ও মোটরসাইকেল র্যালি করেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় তাফালবাড়ী বাজার থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রায় ২০০ মোটরসাইকেলের বহর নিয়ে ৪ নম্বর সাউথখালী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও এলাকায় গণসংযোগ করেন। পথিমধ্যে সাধারণ মানুষের সঙ্গে সালাম ও শুভেচ্ছা বিনিময় এবং কয়েকটি স্থানে পথসভায় বক্তব্য দেন তিনি।
গণসংযোগটি তাফালবাড়ী বাজার থেকে শুরু হয়ে গাবতলা, বগী, চালিতাবুনিয়া, শরণখোলা সিএসবি বাজার ও বকুলতলা (দশকুড়াসহ) বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় তাফালবাড়ীতে এসে শেষ হয়।
পথসভায় শহিদুল আলম লিটন বলেন, তার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম শায়সের আলী হাওলাদার দীর্ঘদিন চেয়ারম্যান হিসেবে এলাকার মানুষের পাশে ছিলেন। পরবর্তীতে বিএনপি থেকে যারা এ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তারা শায়সের আলী হাওলাদারের শুভাকাঙ্ক্ষীদের ভোটে নির্বাচিত হলেও নির্বাচনের পর তাদের কথা ভুলে গেছেন বলে অভিযোগ করেন তিনি।
লিটন বলেন, ‘সেই সুযোগ আর নয়। মরহুম শায়সের আলী হাওলাদারের সন্তান হিসেবে বিগত দিনগুলোতে আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব।’
উল্লেখ্য, শহিদুল আলম লিটন সাউথখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শায়সের আলী হাওলাদারের সন্তান। তিনি বর্তমানে সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনায় দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন শহিদুল আলম লিটন। বর্তমানে সুস্থ হয়ে তিনি আবারও সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করছেন এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন।


