সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় তিথি শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। এরই মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হয়েছে। শুভ এই তিথি ঘিরে রাঙামাটিতে শুভ মহালয়া উদযাপন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটির দক্ষিণ কালিন্দপুর শ্রী শ্রী দশভূজা মাতৃ মন্দিরের উদ্যোগে শুভ মহালয়া উদযাপন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন এবং জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশ।
পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দশভূজা মাতৃ মন্দিরে পৌঁছালে তাকে বরণ করে নেন মন্দির কমিটির সদস্যরা। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ত্রয়া সরকার, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি প্রফেসর ড. কমল ঘোষ, ওকলাহোমা ইউনিভার্সিটির প্রফেসর ড. রবিন ঘোষ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. সুমন পাল, চট্টগ্রাম দায়রা জজ আদালতের অ্যাডভোকেট আশীর্বাদ বিশ্বাস, রাঙামাটি সদর হাসপাতালের ডা. হিরু চন্দ, সানডং হাইস্পিড অ্যান্ড ব্রিজ প্রকৌশলী হিলারী চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. দেবব্রত ভট্টাচার্য, ফিনল্যান্ডের মেরিন ইঞ্জিনিয়ার রিগ্যান দেব, ডেন্টাল সার্জন ডা. বেঞ্জু মজুমদার, কম্পিউটার ইঞ্জিনিয়ার উল্লাশ মজুমদার, কানাডায় কর্মরত কম্পিউটার ইঞ্জিনিয়ার শংকর নন্দি এবং আমেরিকার ডালাস শহরে কর্মরত টেক্সটাইল ইঞ্জিনিয়ার দীপংকর নন্দীকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় শ্রী শ্রী দশভূজা মাতৃ মন্দির পরিচালনা কমিটির সভাপতি দুলাল কান্তি সরকার, সাধারণ সম্পাদক তাপস কান্তি দাশ, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, উপদেষ্টা মণ্ডলীর সদস্য অজিত কুমার চৌধুরী, তড়িৎ কান্তি ভট্টাচার্য, সুনীল কান্তি পাল, সত্য নন্দী ও বাবুল ঘোষসহ মন্দির পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।
এরপর স্থানীয় শিল্পী গোষ্ঠীর আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুভ মহালয়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে গুণীজন সংবর্ধনার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মানিত করার পাশাপাশি তাঁদের সাফল্য ও অবদানকে তুলে ধরা হয়।


