ঢাকাSunday , 11 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মারুবেনি, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের বৈঠক

Link Copied!

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন। তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক হয়েছে।

Advertisement

রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো, দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং নতুন নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। এ সময় তিনি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগের জন্য মারুবেনি কর্পোরেশনকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, মারুবেনি কর্পোরেশনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের পাটজাত পণ্যের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত করার পাশাপাশি নতুন খাতেও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

Advertisement

বৈঠকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে প্রকৌশল বিষয়ে স্নাতকদের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় আরও দক্ষ করে তোলার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক সেবাকেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারে বলেও আলোচনায় উঠে আসে।

এ ছাড়া আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টার চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ প্রকল্পে মারুবেনি কর্পোরেশনের সম্ভাব্য বিনিয়োগ ও আগ্রহের বিষয়টিও বৈঠকে স্থান পায়।

কৃষিপ্রধান বাংলাদেশের কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ও এআইয়ের ব্যবহার বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা। এ ক্ষেত্রে মারুবেনির বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণের সুযোগ খতিয়ে দেখার বিষয়টি উঠে আসে।

সার উৎপাদন খাতেও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) মারুবেনি কর্পোরেশনের বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি দেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনের সম্ভাবনা নিয়ে কথা হয়। এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান।

মারুবেনি কর্পোরেশনের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar