আজ ১ অক্টোবর, ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য—‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ বা ‘দ্য এইজ অব লংজিভিটি: রিথিংকিং সিস্টেমস ফর লংগার লাইভস’।
১৯৯০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতিবছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরের বছর, ১৯৯১ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রবীণ নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, মোবাইল অপারেটরদের মাধ্যমে প্রবীণদের মর্যাদা বিষয়ে ক্ষুদেবার্তা পাঠানো এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার।
জাতিসংঘের ২০২৬ সালের বার্তায়ও দীর্ঘায়ুর সঙ্গে সামঞ্জস্য রেখে স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, আবাসন ও অন্যান্য ব্যবস্থাকে নতুনভাবে ভাবার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


