হোয়াইট হাউসের আয়োজনে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনে দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় মার্কিন ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে ঘিরে আয়োজিত এ আন্তর্জাতিক সমাবেশে বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। শিশুদের শিক্ষা, প্রযুক্তি, ডিজিটাল দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়গুলো অনুষ্ঠানের আলোচনায় গুরুত্ব পায়।
মেলানিয়া ট্রাম্পের ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো শিক্ষা ও প্রযুক্তির মাধ্যমে শিশুদের বিকাশে সহায়তা করা এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করা। উদ্যোগটির আওতায় বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা নিজ নিজ সরকারের সঙ্গে কাজ করে শিশুদের জন্য প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ ও অনলাইন নিরাপত্তা নিয়ে কাজ করছেন।
এর আগে চলতি বছরের মার্চে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এও মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন ডা. জুবাইদা রহমান। ওই সম্মেলনে তিনি শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির নিরাপদ ব্যবহারের বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
ওয়াশিংটনের ওই সম্মেলনে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎও হয়। শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সহযোগিতা ও বিভিন্ন উদ্যোগ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
মঙ্গলবারের নিউইয়র্কের আয়োজনটি ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ জোটের চলমান আন্তর্জাতিক কার্যক্রমের অংশ। হোয়াইট হাউস জানিয়েছে, বর্তমানে এ উদ্যোগে ৫৭টি দেশ অংশ নিচ্ছে এবং শিশুদের শিক্ষা ও প্রযুক্তির সুযোগ সম্প্রসারণের পাশাপাশি অনলাইন নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ডা. জুবাইদা রহমান বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন।
