বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়েছে, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে পোস্টটিতে উল্লেখ করা হয়েছে।
বৈঠকে নিপ্পন ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম সম্পর্কে ডা. শফিকুর রহমানকে অবহিত করেন ইয়োহেই সাসাকাওয়া। বিশেষ করে কুষ্ঠরোগের চিকিৎসায় নিপ্পন ফাউন্ডেশনের দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে বসবাসরত মানুষের জীবনমান উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং তাদের উপার্জনক্ষম করে তুলতে নিপ্পন ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।
বাংলাদেশ সফরের জন্য নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ভবিষ্যতে রোহিঙ্গা জনগোষ্ঠী ও বাংলাদেশের দরিদ্র মানুষের জন্য আরও উন্নয়নমূলক প্রকল্প নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বৈঠকে নিপ্পন ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাসও দেন জামায়াতে ইসলামীর আমীর।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
