রাজধানীর যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলন চলাকালে শ্রমিক দলের কর্মী মো. রিয়াজুল তালুকদারকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।
চার্জশিটে থাকা ২২ আসামির মধ্যে ১৬ জন পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে আদালতের কাছে পরোয়ানা জারির আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।
রোববার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মহিউদ্দিন চৌধুরী। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেরোরিজম ইউনিটের পরিদর্শক নজীব আহমেদ গত ১৯ আগস্ট আদালতে চার্জশিটটি দাখিল করেন।
মামলাটির চার্জশিট গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে শুনানির জন্য আগামী ৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
চার্জশিটে থাকা উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রাণিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল, সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এবং নাহিম রাজ্জাক।
মামলার অভিযোগ
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল ৫টার দিকে যাত্রাবাড়ী থানার চার রাস্তার মোড়ে এক দফা দাবির আন্দোলনের সমর্থনে বিপুলসংখ্যক ছাত্র-জনতা মিছিল করছিলেন।
এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শ্রমিক দলের কর্মী মো. রিয়াজুল তালুকদার।
রিয়াজুলের মৃত্যুর ঘটনায় তার ভাই রুবেল তালুকদার বাদী হয়ে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।
মামলাটির তদন্ত শেষে পুলিশ ২২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে।
