আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ১১ দলীয় লংমার্চ সফল করতে প্রস্তুতিমূলক বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৩০ আগস্ট) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর এ লংমার্চ অনুষ্ঠিত হবে।
লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল (সাবেক এমপি) মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা দেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
বৈঠকে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল (সাবেক এমপি) ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ও মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. কামাল হোসেন এমপি, ডা. ফখরুদ্দিন মানিক, মু. আতাউর রহমান সরকার, এনডিএফ নেতা ডা. মাহমুদ হোসেন, শিল্পী সাইফুল্লাহ মানছুর, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ডা. জিএম ফারুকসহ সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগ, প্রচার, আইটি, চিকিৎসা বিভাগসহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীলরা বৈঠকে অংশ নেন।
বৈঠকে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ১১ দলের লংমার্চ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন বিভাগের প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে সমাবেশের মাধ্যমে লংমার্চ শুরু করার প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে কর্মসূচি সফল করতে সার্বিক প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়।
এ সময় দেশবাসীকে লংমার্চ সফল করার পাশাপাশি জনগণের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।
