স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন সরকারি অফিসগুলোর ভবনের ছাদে ধাপে ধাপে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত পৃথক দুটি সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, শুধু কেন্দ্রীয় পর্যায়ের সরকারি দপ্তর নয়, পর্যায়ক্রমে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি অফিসগুলোতেও সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ করা হবে। সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে কম খরচে আধুনিক ও পরিবেশবান্ধব সরকারি অবকাঠামো গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
তিনি জানান, সোলার প্যানেল স্থাপনের ক্ষেত্রে নেট মিটারিং ও হাইব্রিড সিস্টেম চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। এর ফলে অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী সন্ধ্যার পরও সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ থাকবে। প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক সহায়তার বিষয়টিও সরকার বিবেচনা করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে বেসরকারি খাতের কারিগরি সক্ষমতা ও অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে। এ ক্ষেত্রে ওয়ালটন, প্রাণ-আরএফএল ও গ্রামীণ শক্তির মতো প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগও নেওয়া হবে।
তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, সরকারি ব্যয় কমানো এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করার বিষয়টিকে প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্ব দিচ্ছেন। এ কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় জানানো হয়, গত ১৭ আগস্টের সিদ্ধান্তের পর স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দুজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে পৃথক দুটি কমিটি গঠন করা হয়। এসব কমিটি সংশ্লিষ্ট বিভাগের অধীন সরকারি ভবনগুলোর মধ্যে যেসব ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের সুযোগ রয়েছে, সেগুলো চিহ্নিত করেছে। পাশাপাশি সম্ভাব্য ছাদগুলোর মোট আয়তন, প্রাক্কলিত ব্যয় এবং বাস্তবায়নের পথে থাকা বিভিন্ন চ্যালেঞ্জও পর্যালোচনা করা হয়েছে।
সভায় আরও জানানো হয়, সরকারি কার্যালয়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়নে গত ১০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনা জারি করে। ওই নির্দেশনার ধারাবাহিকতায় স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন প্রতিষ্ঠানগুলোতেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রফিকুল ই মোহামেদ, সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি ওয়ালটন, প্রাণ-আরএফএল ও গ্রামীণ শক্তির প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
