ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুসরণ করে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ বরকতউল্লাহ বুলু।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কণ্ঠভোটে কমিটিগুলো গঠন ও পুনর্গঠনের প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি এসব কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পদাধিকারবলে সদস্য হিসেবে থাকছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা, সিরাজগঞ্জ-৩ আসনের মোহাম্মদ আইনুল হক, টাঙ্গাইল-৪ আসনের মোহাম্মদ লুৎফর রহমান, ঠাকুরগাঁও-৩ আসনের ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, খুলনা-২ আসনের শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, সংরক্ষিত মহিলা আসন-৩৮-এর মারজিয়া বেগম এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাসুদ পারভেজ।
এদিন কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শ্রম ও কর্মসংস্থান, খাদ্য, প্রাথমিক ও গণশিক্ষা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, মৎস্য ও প্রাণিসম্পদ, যুব ও ক্রীড়া এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও গঠন ও পুনর্গঠন করা হয়।
সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম পর্যালোচনা, প্রয়োজনীয় সুপারিশ প্রদান এবং সরকারি কার্যক্রমে সংসদীয় নজরদারি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
