রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। জাতীয় সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদ সদস্য মো. আব্দুল আলীম দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বর্তমান খেলাপি ঋণের পরিমাণ এবং ব্যাংকভিত্তিক হিসাব জানতে চান।
জবাবে অর্থমন্ত্রী জানান, রাষ্ট্র-মালিকানাধীন ছয় ব্যাংক—অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি ও সোনালী ব্যাংক পিএলসি—মিলিয়ে গত ৩০ জুন পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।
ব্যাংকভিত্তিক খেলাপি ঋণের চিত্র
অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ছয় ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংকে। ব্যাংকভিত্তিক খেলাপি ঋণের পরিমাণ হলো—
- জনতা ব্যাংক পিএলসি: ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা
- অগ্রণী ব্যাংক পিএলসি: ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা
- রূপালী ব্যাংক পিএলসি: ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ টাকা
- সোনালী ব্যাংক পিএলসি: ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ লাখ টাকা
- বেসিক ব্যাংক পিএলসি: ৮ হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকা
- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ৮৮৮ কোটি ৭৯ লাখ টাকা
তথ্য অনুযায়ী, ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মোট খেলাপি ঋণের অর্ধেকেরও বেশি রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। ফলে রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকগুলোর খেলাপি ঋণের বড় চাপটি এই ব্যাংকটির ওপরই রয়েছে।
