গাইবান্ধায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং স্থানীয় বেসরকারি সংস্থা এসকেএস ও গণউন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় দিবসটি পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গণের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি একই স্থানে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুস শাহাদাত ফাহিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসিরুদ্দিন শাহ, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মাজহারুল মান্নান, সাধারণ সম্পাদক এস.এম. মনসুর আলী, নির্বাহী সদস্য আনিসুল হক দুলু, এসকেএস ফাউন্ডেশনের সমন্বয়কারী আশরাফুল আলমসহ অন্যরা।
এ সময় বক্তারা প্রবীণদের অধিকার, মর্যাদা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে সমাজের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে ১১ জন প্রবীণ ও দুস্থদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।


