ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার সিংহভাগ আগামী অক্টোবরের মধ্যে নিরসন হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পটি সিলেট অংশ এবং সিলেটের সীমানার বাইরের অংশসহ বিভিন্ন পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে। সম্প্রতি সড়ক পরিবহনমন্ত্রী হবিগঞ্জ পর্যন্ত প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন।
সংশ্লিষ্টদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের শেষ থেকে ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে পুরো মহাসড়কের নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে সিলেট অংশের কাজ ২০২৮ সালের মধ্যেই শেষ হবে বলে আশা করছেন মন্ত্রী।
ভূমি অধিগ্রহণের জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। ভূমি অধিগ্রহণ নিয়ে মোট ১১৩টি মামলা রয়েছে। এর মধ্যে অধিকাংশ মামলা ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে। বাকি মামলাগুলোও দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টরা কাজ করছেন।
মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী অক্টোবরের মধ্যে ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার সিংহভাগ নিরসন করা সম্ভব হবে। এতে প্রকল্পের নির্মাণকাজ আরও গতিশীল হবে।
প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


