প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের বিভিন্ন সাফল্য এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের অর্জন নিয়ে গণমাধ্যমে আলোচনা হওয়ার কথা থাকলেও বিভিন্ন ঘটনা সামনে এনে সেই আলোচনা ভিন্ন খাতে নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ ও নিউইয়র্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।
আতিকুর রহমান রুমন বলেন, ‘পলাতক (আওয়ামী লীগ) সরকার যে সূত্রে দেশ চালিয়েছে, সেই মন্ত্রেই মনে হয় আমাদের যারা বিরোধিতা করছে, তারা এখনো চলছে।’
গণমাধ্যমে কোনো একটি ঘটনা কীভাবে বড় হয়ে উঠছে, তা ব্যাখ্যা করে তিনি বলেন, প্রথমে অপেক্ষাকৃত ছোট বা নিম্নস্তরের কিছু অনলাইন মাধ্যমে কোনো ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। পরে সেসব প্রতিবেদনের সূত্র ধরে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ও সংবাদপত্রগুলো বিষয়টি বড় আকারে প্রকাশ করে।
রুমনের ভাষ্য, এর ফলে সরকার যেসব কার্যক্রম ও অর্জন নিয়ে মানুষের সামনে যেতে চায়, সেগুলো অনেক সময় আলোচনার বাইরে চলে যায়। তিনি বলেন, বিভিন্ন ঘটনায় টেলিভিশন চ্যানেলগুলোতেও টকশো ও আলোচনা হয়েছে এবং একই বিষয়কে কেন্দ্র করে গণমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরের প্রসঙ্গ তুলে ধরে অতিরিক্ত প্রেস সচিব বলেন, সফরকালে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৭টা থেকে রাত ১১টা, কোনো কোনো দিন রাত সাড়ে ১১টা বা ১২টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন।
তিনি বলেন, ‘আমরা ওখানে গিয়েছি, প্রোগ্রাম শুরু করেছি, প্রোগ্রাম শেষ করেছি। মানুষ আমেরিকায় গেলে কী করে—ঘোরাফেরা করে। কিন্তু বিশ্বাস করেন, আমরা হোটেল ছাড়া তেমন কোথাও বের হতে পারিনি। আমরা কাজ শেষ করে আবার চলে আসছি।’
রুমন বলেন, প্রধানমন্ত্রীর সফর শেষে দেশে ফেরার পর সরকারের অর্জন ও সফরের বিভিন্ন দিক নিয়ে সংবাদ প্রকাশ, আলোচনা ও টকশো হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় আরেকটি ঘটনা সামনে আসায় প্রধানমন্ত্রীর সফরের সাফল্য ও অর্জন নিয়ে আলোচনা আড়ালে পড়ে যায় বলে তিনি মনে করেন।
তিনি বলেন, ‘যখন দেশে আসলাম, তখন আমাদের এই সফলতা নিয়ে নিউজ হবে। আমাদের এই সফলতা নিয়ে কথাবার্তা হবে। আপনারা টকশো করবেন, বিভিন্ন মিডিয়াতে আলোচনা হবে। ঠিক তখন দেখা গেল আরেকটি ঘটনা ঘটানো হলো।’
গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যদি একটি মানুষকে ছাতা কেটে দিতে যান, যদি যে নদীটা পার হন, আপনি যদি তার হাত-পা বেঁধে দেন, তাহলে সে নদী পার হতে পারবে? পারবেন না ভাই, আমরা কেউ পারবো না।’
সবশেষে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘আমরা সহযোগিতা চাই। বারবার আপনাদের কাছে আহ্বান করছি, আমাদের সহযোগিতা করুন। আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি সুন্দর, সফল বাংলাদেশ করতে চান। আপনারা প্লিজ সহযোগিতা করুন।’


