ঢাকাSunday , 6 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আজ নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশ সময়
September 6, 2026 10:13 am
Link Copied!

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের এই সফরকে ঘিরে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা দিয়েছে।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে তার হেলিকপ্টার অবতরণের কথা রয়েছে।

স্টেডিয়াম থেকে রাষ্ট্রপতি জেলা সার্কিট হাউজে যাবেন। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। পরে তিনি শহরের সেনুয়াপাড়ায় অবস্থিত পারিবারিক কবরস্থানে গিয়ে তার বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমীন (চোখামিয়া) এবং মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন।

Advertisement

কবর জিয়ারত শেষে রাষ্ট্রপতি শহরের কালীবাড়িতে অবস্থিত নিজ বাসভবনে যাবেন। সেখানে দুপুরের খাবার ও কিছু সময় বিশ্রামের পর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ নেওয়ার কথা রয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি নিজ বাসভবনে ফিরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের প্রথম রাতে সেখানেই তার অবস্থানের কথা রয়েছে।

Advertisement

সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচি শেষে তিনি নিজ বাসভবনে ফিরে দুপুরের খাবার গ্রহণ ও বিশ্রাম করবেন। পরে সার্কিট হাউজে যাওয়ার কথা রয়েছে তার। সেখান থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করবেন রাষ্ট্রপতি।

এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসনের প্রস্তুতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও রয়েছে বাড়তি কৌতূহল ও উচ্ছ্বাস। নিজ জেলার সন্তানকে রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো স্বাগত জানাতে শহরজুড়ে অপেক্ষার আবহ তৈরি হয়েছে।

রাষ্ট্রপতির সফর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতির যাতায়াতের সম্ভাব্য পথ, কর্মসূচির স্থান ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) মো. বেলাল হোসেন জানিয়েছেন, রাষ্ট্রপতির দুই দিনের সফরকে সামনে রেখে জেলায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সফরের প্রতিটি কর্মসূচি, যাতায়াতের রুট এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিরাপত্তার আওতায় রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।