রাজধানীর বনানী এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে চার শিশুসহ মোট সাতজনকে আটক করেছে বনানী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯), আশিক আহমেদ মোস্তফা (১৯) এবং আইনের সংঘাতে জড়িত চারজন শিশু।

শুক্রবার (৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানা পুলিশ জানতে পারে, সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ (আউটগোয়িং) মহাসড়কের পাশে প্রায় ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল নিয়ে মিছিল করার উদ্দেশ্যে জড়ো হয়েছে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সাতজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০টি মশাল, একটি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় সেখানে উপস্থিত আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। আটক ব্যক্তিদের পাশাপাশি ঝটিকা মিছিলের আয়োজনের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
