মাদক ব্যবসার কোনো ঠাঁই গাইবান্ধায় নেই আইনশৃঙ্খলা বাহিনী এই বার্তা আরও একবার স্পষ্ট করে দিল। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হেরোইন ও ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দুপুরে গোবিন্দগঞ্জ থানার বিশেষ অভিযানে নাকাই ইউনিয়নের নাকাই গ্রামের একটি পরিত্যক্ত কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে এলাকাটি গোপন আস্তানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে পুলিশ জানায়।
গোবিন্দগঞ্জ থানার এসআই (নিঃ) মো. নজরুল ইসলাম থানার জিডি নং-২৯৩ (০৬ ডিসেম্বর) এর ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে নাকাই গ্রামের মো. বাবলু মিয়ার এল-সিস্টেম টিনসেড বাড়ির উত্তর-পূর্ব পাশে অবস্থিত পরিত্যক্ত কক্ষে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মেহেদী হাসান সবুজ সরকার (৩৫), নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রামের মৃত আলী আহম্মেদ সরকারের ছেলে।
২. মো. হুমায়ুন কবির (২৯), নাকাই ইউনিয়নের বাজুনিয়া পাড়ার মো. শহিদুল ইসলামের ছেলে।
৩. আপেল মাহমুদ (৩২), নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রামের মৃত কফিল উদ্দিন প্রামাণিকের ছেলে।
অভিযানকালে তাদের কাছ থেকে ৪৭ পুড়িয়া হেরোইন এবং ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ মাদকদ্রব্যগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় সংরক্ষণ করেছে।
ঘটনার পর গোবিন্দগঞ্জ থানায় মামলা নং-০৯, ০৭ ডিসেম্বর ২০২৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক)/১০(ক)/৪১ ধারায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ মোজাম্মেল হক বলেন,
গাইবান্ধা পুলিশ সুপার জসিম উদ্দিনের নির্দেশনায় আমরা মাদক ব্যবসা বন্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করছি। মাদক যে কোনো জায়গায় লুকিয়ে রাখলেও তা খুঁজে বের করা হবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গোবিন্দগঞ্জকে মাদকমুক্ত করতেই আমাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।


