ঢাকাFriday , 4 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ

আজ শুভ জন্মাষ্টমী

Link Copied!

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশের হিন্দু সম্প্রদায় দিনটি উদযাপন করবে। এ উপলক্ষে রাজধানীতে বের হবে বর্ণাঢ্য জন্মাষ্টমীর শোভাযাত্রা। শোভাযাত্রাকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দিয়েছে ৯ দফা নির্দেশনা।

Advertisement

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি। জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলোতে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

হিন্দু পুরাণ অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, যখন পাশবিক শক্তি ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন মানবকল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার লক্ষ্যে মহাবতার শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। তাদের বিশ্বাস, দুষ্টের দমন এবং সত্য ও সুন্দর প্রতিষ্ঠার জন্য যুগে যুগে ভগবান মানুষের মধ্যে আবির্ভূত হন।

Advertisement

বিভিন্ন সংগঠনের কর্মসূচি

জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে সকাল ৮টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, বিকেল ৩টায় ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল এবং রাতে শ্রীকৃষ্ণ পূজা।

Advertisement

ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে আয়োজিত গীতাযজ্ঞ পরিচালনা করবে চট্টগ্রামের সীতাকুণ্ডের শংকর মঠ ও মিশন।

বিকেল ৩টায় পলাশীর মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মিছিলের উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

এদিকে জন্মাষ্টমী উপলক্ষে ইসকন তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এতে রয়েছে শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন-কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় নাটক ও কীর্তন মেলা।

শোভাযাত্রার রুট

ডিএমপির গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জন্মাষ্টমীর শোভাযাত্রা ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপ শাহ মাজার ও গুলিস্তান মোড় হয়ে নবাবপুর রোড, রায় সাহেব বাজার মোড় পেরিয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রাটি বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপির ৯ নির্দেশনা

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে শোভাযাত্রাকে কেন্দ্র করে ৯টি নির্দেশনা দেওয়া হয়। সেগুলো হলো—

১. শোভাযাত্রার নির্ধারিত রুটে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না।

২. উচ্চস্বরে পিএ বা সাউন্ড সিস্টেম বাজানো থেকে বিরত থাকতে হবে।

৩. শোভাযাত্রায় অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের শুরুতেই এতে যোগ দিতে হবে। কোনোভাবেই মাঝপথে শোভাযাত্রায় যুক্ত হওয়া যাবে না।

৪. নিরাপত্তার স্বার্থে হ্যান্ডব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইটারসহ এ ধরনের কোনো সামগ্রী সঙ্গে রাখা যাবে না।

৫. শোভাযাত্রা চলাকালে রাস্তায় কোনো ধরনের ফলমূল ছোড়া যাবে না।

৬. রাস্তায় অপ্রয়োজনে দাঁড়িয়ে যানবাহন বা পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

৭. কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে।

৮. শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা মেনে চলতে হবে।

৯. ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সহযোগিতা করতে হবে। একই সঙ্গে শোভাযাত্রা চলাকালে নগরবাসীকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।